ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির স্বাধীনতার জন্য কাজ করে গেছেন :তাপস

বিশেষ প্রতিনিধি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক অনন্য-অসাধারণ মহীয়সী নারী। তিনি নীরবে-নিভৃতে বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল শনিবার বনানী কবরস্থানে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রচারবিমুখ ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যতদিন কারাগারে ছিলেন, ফজিলাতুন্নেছা মুজিব নিবেদিতভাবে নীরবে-নিভৃতে বাঙালি জাতিকে সুসংগঠিত করে বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়েছিলেন। জন্মবার্ষিকীতে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, তিনি তার পরিবারকে যেমনি আগলে রেখেছিলেন তেমনি বাঙালি জাতিকে একটি পরিবারের মতোই আগলে রেখেছিলেন। এ সময় ডিএসসিসি মেয়রের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।