ইত্তেফাক রিপোর্ট
সাতক্ষীরার বাঁকাল জেলেপাড়ায় সংখ্যালঘু একটি পরিবারের জমি দখলের জন্য হামলা ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের সংবিধানে ধর্ম, বর্ণ, গোত্র, নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা হলেও আমরা প্রায়ই লক্ষ্য করি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জমি দখল, লুটপাট ও তাদের ওপর হামলার ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।