চট্টগ্রাম অফিস
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছিরউদ্দিন বলেছেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে সার্বক্ষণিক ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। কঠিন সময় উত্তরণে পরামর্শ ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে মুখ্য ভূমিকা রেখেছিলেন বঙ্গমাতা। গতকাল শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নগর আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। নাছির বলেন, বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন তখন তাকে কাগজ-কলম দিয়ে লেখালেখি করার তাগিদ দিয়েছিলেন বঙ্গমাতা। বঙ্গবন্ধুর লেখালেখির ফসল অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা। জাতির পিতার পরিপূর্ণ রাজনৈতিক জীবনে অনিবার্য ও অতুলনীয় বঙ্গমাতা। বঙ্গবন্ধু যখন কারাগারে ও হুলিয়া নিয়ে আত্মগোপনে তখন বঙ্গমাতা সংসার আগলে রাখার পাশাপাশি দলের সব স্তরের নেতাকর্মীর যোগাযোগের মাধ্যম ছিলেন। জেলখানায় বন্দি বঙ্গবন্ধুকে বাইরের রাজনৈতিক পরিস্থিতির কথাও তিনি অবহিত করতেন।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি নঈমউদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন বাচ্চু, এম এ রশিদ, শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, নোমান আল মাহমুদ, চন্দর ধর, হাজি মোহাম্মদ হোসেন প্রমুখ।