কৃষককে বেঁধে খাইয়ে দেওয়া হলো গোবর

জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সদর উপজেলায় এক কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। লোমহর্ষক ঘটনাটি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। পরে গতকাল শনিবার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রশিদ মল্লিক নামে একজনকে গ্রেফতার করে।

নির্যাতনের শিকার মনসুর নামের ওই কৃষক জানান, সম্প্রতি জমি নিয়ে তার বোনজামাই রশিদ মল্লিকের সঙ্গে তার বিরোধ হলে গত ২৫ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর প্রকাশ্যে গরুর খুঁটির               সঙ্গে হাত-পা বেঁধে তাকে ঘণ্টাব্যাপী অমানবিক নির্যাতন করে। একপর্যায়ে তাকে গরুর গোবর খাইয়ে দেয়।  প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় এত দিন ভয়ে তিনি মুখ খুলেননি।

এদিকে শুক্রবার বিকালে নির্যাতনের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। শনিবার সকালে অভিযুক্ত একজনকে আটক করে পুলিশ।

ভোলার ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই রতন কুমার শীল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিন জনকে আসামি করে একটি মামলা হয়েছে। রশিদ মল্লিক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও আটকে পুলিশি অভিযান চলছে। মামলার অন্য দুই আসামি হচ্ছে সাহেব আলি মল্লিক ও আসাদ মল্লিক।