ধর্ষণ চেষ্টার মামলা করায় মেয়ের বাবাকে কুপিয়েছে বখাটেরা

মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে তার বাবা এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করায় তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল মান্নান বলেন, ‘মাসখানেক আগে আমার মেয়ে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে রামনগর গ্রামের স্থানীয় চিকিত্সক ফরমান আলীর ছেলে সেলিম হোসেন বাড়িতে এসে চিকিত্সাসেবা প্রদান করে। এরপর মেয়ের মোবাইল নম্বর নিয়ে বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিতে থাকে। গত ১ আগস্ট রাতে সে আমার মেয়ের ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে গত ৬ আগস্ট সেলিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। মামলার পরদিন  শুক্রবার সন্ধ্যায় রামনগর বাজারে গেলে লম্পট সেলিমের সহযোগী রামনগর গ্রামের আরমান আলীর ছেলে ওয়াসিম, নজরুল ইসলামের ছেলে সাহাবুল ইসলাম, রেজাউলের ছেলে রানা, রুবেল ও হকাজ্জেলের ছেলে তরিকুল ইসলামসহ অন্যরা মামলা করেছি কেন জানতে চেয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।’ জানা যায়, এরপর স্থানীয়রা আব্দুল মান্নানকে উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। হামলাকারীরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।  

যৌন হয়রানির শিকার মেয়েটির আইনজীবী জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন। তবে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে লিখিত আবেদন করা হবে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আব্দুল মান্নানকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য স্থানীয় পুলিশ ক্যাম্পসহ তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।