রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল শনিবার বিকালে বঙ্গভবনে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল সৌজন্য সাক্ষাত্ করেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এই অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোলস-২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানের নেতৃত্বে নৌবাহিনী আরো আধুনিক, প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।
নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। —আইএসপিআর