বরিশাল নৌবন্দরে উপচে পড়া ভিড়

ঈদুল আজহার ছুটি শেষে জীবনজীবিকার তাগিদে কর্মস্থলমুখে ছুটছে দক্ষিণাঞ্চলের মানুষ। প্রায় প্রতিদিনই ঢাকামুখী যাত্রীদের ভিড় থাকলেও গতকাল শনিবার উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বরিশাল নদীবন্দরে। যাত্রীদের ভিড় সামলাতে এবং স্বাস্থ্যবিধি রক্ষায় নিয়মিত চারটি লঞ্চের পাশাপাশি স্পেশাল সার্ভিসের দ্বিতীয় দিনে আরো আটটি লঞ্চ চলার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। বরিশাল নদীবন্দরে গিয়ে দেখা যায়, টার্মিনালে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে যাত্রীদের নানাভাবে সচেতনার কথা বলা হলেও লঞ্চের ভেতরের ডেকে কোনোভাবেই তা মানা হচ্ছে না। সামাজিক দূরত্ব তো দূরের কথা, মাস্ক ব্যবহার ছাড়াই যাত্রীরা যে যার মতো চলাফেরা করছেন। কেবলমাত্র কেবিনের যাত্রীরাই কিছুটা স্বস্তিতে যেতে পারছেন লঞ্চযোগে। যাত্রীরা জানান, ডেকে কোনো স্বাস্থ্যবিধিই মানা হচ্ছে না।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, ঢাকামুখী লঞ্চে যাত্রীদের চাপ বেশি থাকায় নির্ধারিত সময়ের আগেই সবগুলো লঞ্চকে নদীবন্দর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। স্বাস্থ্যবিধি রক্ষায় যাত্রী এবং লঞ্চ কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেওয়া হয় বলে তিনি জানান।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আজমল হুদা সরকার মিঠু জানান, ঈদের পর গতকাল ঢাকামুখী জনসে াত ছিল সবচেয়ে বেশি। চাপ সামলাতে স্বাস্থ্যবিধি অনুসরণ কঠিন হয়ে পড়েছে। তবে স্বাস্থ্যবিধি অনুসরণে যাত্রীদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে।