নারায়ণগঞ্জে গ্রেফতার ভুয়া সেনা কর্মকর্তা জেলহাজতে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন শরীফুল ইসলাম শরীফ (৬১) নামে এক প্রতারক। গত সোমবার তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গত শুক্রবার আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শরীফুল ইসলাম শরীফ মুন্সীগঞ্জের সদর উপজেলার দেওভোগ ৫নং ওয়ার্ডের মৃত কালু সরকারের ছেলে। বর্তমানে সে ডেমরার ডগাইর নুতনপাড়া ভুঁইয়া মসজিদ এলাকায় বসবাস করে। পার্শ্ববর্তী রাসেল ভুঁইয়ার সঙ্গে তার বিরোধ ছিল। রাসেল ভুঁইয়াকে ফাঁসাতে গত ৩ আগস্ট নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সরকারি ফোনে নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম পরিচয় দিয়ে জানায় সোনারগাঁয়ের কাঁচপুরে সিনহা গার্মেন্টসের মালিক তার স্ত্রী। রাসেল ভুঁইয়া নামের এক ব্যক্তি তার স্ত্রীর গার্মেন্টসে চাঁদা দাবি করে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গণভবন থেকে ডিজিএফআই এর মেজর কামরুল পরিচয়েও ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলামের বিষয়টি দেখার জন্য ডিবি (পশ্চিম) এর ওসিকে ফোন দেওয়া হয়। পরে ওসি ডিবি (পশ্চিম) এস এম আলমগীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করার মুখে সব ফাঁস হয়ে যায়।