ফুটবলারদের অনুশীলন শুরু হয়েছে

আজ আবার

নমুনা সংগ্রহ

 সোহেল সারোয়ার চঞ্চল

এত ফুটবলার একসঙ্গে করোনায় শনাক্ত হওয়ায় একটা আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে ফুটবলারদের নিয়ে সমালোচনাও হচ্ছে। তারা কিভাবে নিজেদের সুরক্ষা করল। নাকি নমুনা টেস্টে কোথাও ভুল রয়েছে। এই সব নানা আলোচনা-সমালোচনায় জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে এখন গুমোট পরিবেশ। সারাহ রিসোর্টের ক্যাম্পে এখন ২৬ ফুটবলার। যারা আক্রান্ত তারা পৃথক রয়েছেন। আর যারা আক্রান্ত হননি তারা শনাক্তদের  থেকে দূরত্বে থাকছেন, অনুশীলন শুরু করেছেন।

বাফুফে সব ফুটবলারকে আজ আবার করোনা টেস্ট করাবে। আজকে দুটি প্রতিষ্ঠান গাজীপুরের রাজেন্দ্রপুরে সারাহ রিসোর্টে ফুটবল ক্যাম্পে যাবে।  সরকারি প্রতিষ্ঠান আইসিডিডিআরবি এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রাভা হেলথের প্রতিনিধিরা খেলোয়াড়দের নতুন নমুনা সংগ্রহ করবেন। পুলিশের দুই ফুটবলার পুলিশ টেন্টে উত্তর, বারিধারার সুমন রেজা বিমান বাহিনীর অধীনে রয়েছেন সেখানে গিয়ে নমুন সংগ্রহ করবেন প্রতিনিধিরা, জানিয়েছে বাফুফে। বিশ্বনাথও বাসায় রয়েছেন। শুধু খেলোয়াড়রাই নয়, ক্যাম্পের কোচ কর্মকর্তাসহ যারাই এই ক্যাম্পের সঙ্গে সম্পৃক্ত তাদের সবাইকে করোনা টেস্ট দিতে হবে। নমুনা সংগ্রহ করে ঢাকায় আনা হবে। মঙ্গলবার রিপোর্ট প্রকাশ হতে পারে। 

বাফুফে বলছে এক দিনে দুই প্রতিষ্ঠানের নমুনা সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মিলিয়ে দেখা হবে গলদটা কোথায়। রিপোর্ট যাই আসুক তারপর ব্যবস্থা। যারা পজিটিভ শনাক্ত হবেন তারা আইসোলেশনে থাকবেন। আর যারা নেগেটিভ হবেন তারা অনুশীলনে নেমে পড়বেন। যেহেতু নতুন করে নমুনা পরীক্ষা করা হচ্ছে তাই বিকল্প ফুটবলার নিয়ে ভাবছে না কোচ জেমি ডে কিংবা ন্যাশনাল টিমস কমিটি। 

ইংল্যান্ড  থেকে কোচ জেমি ডে আসবেন ১৭ আগস্ট। তাকেও করোনা টেস্ট দিতে হবে। ডেনমার্ক  থেকে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়ার ঢাকায় আসার সম্ভাব্য তারিখ ৩১ আগস্ট। তবে জামালের বিষয়টা নির্ভর করছে ডেনমার্ক সরকারের ছাড়পত্রের ওপর। জামালের আগে ফিনল্যান্ড থেকে ১৯ আগস্ট ঢাকায় আসতে পারেন প্রাথমিক দলে ডাক পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত তারিক কাজী। এটাও নির্ভর করছে সেখানকার সরকারের ছাড়পত্রের ওপর।

কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু করতে গিয়ে ১৮ ফুটবলার করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আগামী ৮ অক্টোবর বাংলাদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচ। বাংলাদেশের এত ফুটবলার কারোনায় আক্রান্ত শুনে আফগানিস্তান খেলতে চাইবে কি না তা নিয়েও একটু চিন্তা ঘুরপাক খাচ্ছে বাফুফের কর্তাদের মাথায়। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন,‘এটা একেবারেই ভুল। ম্যাচ নিয়ে কোনো আশঙ্কা নেই। আমাদের মাথায়ও কোনো আশঙ্কা ঘুরপাক খাচ্ছে না।’