মেঘনা নদীর ভাঙন থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদের সামনে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে ‘কমলনগর উপজেলা নদী শাসন সংগ্রাম পরিষদ’ এ মানববন্ধনের আয়োজন করে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এতে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা নদী শাসন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চরফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ প্রমুখ। পরে স্থানীয় ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।