সুজানগরে পদ্মায় ভরা বর্ষায়ও দেখা নেই মাছের

বিপাকে স্থানীয় মত্স্যজীবীরা

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরে চলতি বর্ষায় ভরা মৌসুমেও পদ্মা নদীতে মাছের দেখা মিলছে না। এতে উপজেলার মত্স্যজীবীরা তাদের পরিবারপরিজন নিয়ে বিপাকে পড়েছেন।উপজেলার শ্যামনগর গ্রামের মত্স্যজীবী সোহেল মোল্লা জানান, প্রত্যেক বছর পদ্মা নদীতে বর্ষার নতুন পানি আসলে ইলিশ মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে চিংড়ি, চাপিলা, বেলে, গুলশা এবং বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। গত বছরও এ সময় পদ্মায় প্রচুর পরিমাণে ঐ সকল মাছ পাওয়া যায়। কিন্তু এ বছর চলতি বর্ষার ভরা মৌসুমেও পদ্মা নদীতে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। মাঝে-মধ্যে কিছু চিংড়ি এবং বেলে মাছ পাওয়া গেলেও তা বিক্রি করে মত্স্যজীবীদের নৌকার তেল, জাল-দড়ি এবং শ্রমিক খরচও উঠছে না। উপজেলার নারুহাটি গ্রামের মত্স্যজীবী সনাতন হালদার বলেন, চলতি বর্ষা মৌসুমে পদ্মা নদী থেকে মাছ ধরে জীবিকানির্বাহ করার আশায় অধিকাংশ মত্স্যজীবী ৩/৪ লাখ টাকা খরচ করে নৌকা ও জাল-দড়ি কিনে নদীতে নেমেছেন। এদের মধ্যে দুই/চার জন আবার দাদন নিয়েও নৌকা ও জাল-দড়ি কিনেছেন। কিন্তু পদ্মা নদীতে এখন পর্যন্ত ইলিশ তো দূরের কথা অন্যান্য মাছও তেমন ধরা পড়ছে না। ফলে এখানকার প্রায় ৬ হাজার মত্স্যজীবী হতাশ হয়ে পড়েছেন।  উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এ সময় নদীতে গভীর পানি থাকার কারণে মাছ কম ধরা পড়েছে। বর্ষার পানি কমে গেলে বেশি বেশি মাছ ধরা পড়তে পারে।