ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ীতে অনলাইনের (ভার্চুয়াল) মাধ্যমে শিশু শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার উদ্দেশে অনলাইন প্রাইমারি স্কুল উদ্বোধন করা হয়েছে। রবিবার মুঠোফেনের (ভার্চুয়াল) মাধ্যমে স্কুল উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ফুলবাড়ী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পুরাতন কার্যালয় ভবনে স্থাপিত অনলাইন প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুঁইয়া। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নির্দেশনায় তার পক্ষে স্কুলে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।