নাজিরপুরে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশ : ১০ আগস্ট ২০২০, ০০:০০
ব্রিজ ও রাস্তা নদীগর্ভে
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নিম্নাঞ্চল গত দুই দিনের জোয়ারের পানিতে প্লাবিত হয়ে কলারদোয়ানিয়া বড় ব্রিজ ও মাহামুদিয়া মাদ্রাসার রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আউশ, আমন, সবজি খেত, মাছের ঘের, রাস্তাঘাট পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া থেমে থেমে বাতাস ও বৃষ্টি বইছে। জোয়ারের পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় কয়েক হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি সংকট দেখা দেওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। আঞ্চলিক সড়কগুলো তলিয়ে যাওয়ায় এক এলাকার লোক অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আম্ফান ও করোনার ক্ষয়ক্ষতির পর এ প্রাকৃতিক বিপর্যয় তাদের জীবনযাত্রাকে ব্যাহত করে তুলেছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার নদীতীরবর্তী শ্রীরামকাঠী, চাঁদকাঠী, সাচিয়া, গাওখালি, বৈঠাকাটা বাজারগুলোয় ভাঙন শুরু হয়েছে। কৃষকরা জানান, সরকারের ত্রাণ তত্পরতা অব্যাহত থাকা দরকার। পানি বৃদ্ধিতে এ অঞ্চলের কৃষকের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে।