গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ হাজার ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম রবিবার সকালে নগরভবন মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা। বাজেট ঘোষণার আগে মেয়র সিটি করপোরেশনের সকল কাউন্সিলরকে নিয়ে এক সভায় মিলিত হন। ঐ সভায় ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করা হয়। বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং অর্থ ও সংস্থাপন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন।
বাজেট অধিবেশনে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ভিশন ২০৪১ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। মশক নিয়ন্ত্রণ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট আধুনিকীকরণ ইত্যাদি কার্যক্রমের প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিয়েছিলাম। সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাচ্ছি।
গতকাল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বাজেট ঘোষণা করেন —ইত্তেফাক