ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ১৬ আগস্ট থেকে ভ্রাম্যমাণ আদালত —ডিএসসিসি মেয়র

ইত্তেফাক রিপোর্ট

ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ১৬ অগাস্ট হতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল রবিবার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

ডিএসসিসি মেয়র বলেন, বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে সকলের সহযোগিতায় আমরা সফলতা পাচ্ছি, ঢাকাবাসী সুফল পাচ্ছে। ফলে ঢাকা দক্ষিণে মশার প্রকোপ নেই বললেই চলে। তারপরও ঢাকা দক্ষিণ এলাকায় বিশেষ করে বিভিন্ন সরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে এখনো ডেঙ্গু মশার প্রজনন স্থল রয়ে গেছে। যেহেতু এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হয়, তাই আমাদের কর্মপরিকল্পনার শেষ পন্থা আমরা এখন অবলম্বন করতে যাচ্ছি। আমরা ১৬ আগস্ট থেকে ভ্রাম্যমাণ আদালত চালু করব। এর মাধ্যমে যেসকল সংস্থা ও নির্মাণাধীন ভবনে এখনো ডেঙ্গু মশার প্রজননের উত্সস্থল রয়ে গেছে, সেগুলোতে আমরা যেমনি মশা নিধন করব, তার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে সচেতন করব। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যাতে তারা এ ব্যাপারে আরো সচেতন হয়।

এ সময় অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।