সুরসম্রাট আলাউদ্দিন আলীর বিদায়

তানভীর তারেক

চলে গেলেন সুর সম্রাট আলাউদ্দিন আলী। গতকাল রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকাল ৫টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আলাউদ্দিন আলীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার মেয়ে আলিফ আলাউদ্দিন। ৮ আগস্ট ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় ও তীব্র শ্বাসকষ্ট থাকায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। আলাউদ্দিন আলী ছিলেন একাধারে একজন সংগীত পরিচালক, সুরকার, বেহালা বাদক ও গীতিকার।

দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালে তাকে চিকিত্সার জন্য ব্যাংকক নেওয়া হলে জানা যায় তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিত্সাও চলে। গত বছর ২২ জানুয়ারি অসুস্থ                 আলাউদ্দিন আলীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে চিকিত্সায় তিনি প্রায় সুস্থ হয়ে ওঠেন। এরপর একই বছর এপ্রিল মাসে শ্বাসনালি ও পাঁজরের বাঁ-পাশে নিস্তেজসহ নানা রোগে আক্রান্ত অবস্থায় সাভারের সিআরপি হাসপাতালে ভর্তি করা হয় গুণী এই সংগীত পরিচালককে। সেখানে দীর্ঘ তিন মাস চিকিত্সা নেওয়ার পর অনেকটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ও চলচ্চিত্রসহ দেশের শোবিজ অঙ্গনে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী। তার বাবা ওস্তাদ জাদব আলী। আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন।