বিশেষ প্রতিনিধি
দেশে এক দিনে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা কমেছে, তবে সুস্থতার সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৩৯৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল রবিবার মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। শনিবারের চেয়ে গতকাল ৭৪৬ জন বেশি সুস্থ হয়েছেন। শনিবার সুস্থ হয়েছিলেন ১ হাজার ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন। তিনি জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবারের চেয়ে গতকাল ১২৪ জন কম শনাক্ত হয়েছেন। শনিবার ১১ হাজার ৭৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৬০ হাজার ৩১৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ২ হাজার ৬৮৬ জন; ৭৯ দশমিক ০২ শতাংশ এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭১৩ জন; ২০ দশমিক ৯৮ শতাংশ। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩২ জন ও ২ জন বাড়িতে মারা গেছেন।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১১১ জন, আইসিইউ শয্যায় ভর্তি আছে ১৯৭ জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৪৩ জন, আইসিইউ শয্যায় ভর্তি আছে ১৭ জন। সারা দেশে অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ১ হাজার ৭৩৫ জন এবং আইসিইউ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯৬ জন। সারা দেশে হাসপাতালে সাধারণ শয্যাসংখ্যা ১৫ হাজার ২৫৮টি, রোগী ভর্তি আছে ৪ হাজার ৮৯ জন এবং শয্যা খালি আছে ১১ হাজার ১৬৯টি। সারা দেশে আইসিইউ শয্যাসংখ্যা ৫৩৯টি, রোগী ভর্তি আছে ৩১০ জন এবং খালি আছে ২২৯টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১২ হাজার ৫৫৭টি। সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানেলা সংখ্যা ৩৪৫টি এবং অক্সিজেন কনসেনট্রেটর ১৬০টি।