বরিশালে আবাসিক হোটেলে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন

বরিশাল অফিস

বরিশালের সাগরদী ব্রিজ এলাকার মুন আবাসিক হোটেলে গৌরনদী সরকারি কলেজের এক ছাত্রীকে আটকে রেখে গণর্ধষণ করা হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ঐ ছাত্রী বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন, সজল কর্মকার, মো. মিজানুর রহমান জাকির ও আব্দুর রাজ্জাক হাওলাদার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পিরোজপুরের ইন্দুরকানী এলাকার সজল কর্মকারের সঙ্গে বরিশালের গৌরনদীর কলেজের এক ছাত্রীর পাঁচ বছর ধরে প্রেম চলছে। শনিবার বিয়ের কথা বলে ঐ কলেজ ছাত্রীকে বরিশালে ডেকে হোটেল মুনে নিয়ে যায়। সেখানে সজল তাকে ধর্ষণ করে বলে তিনি জানান। বিষয়টি টের পেয়ে হোটেলে অবস্থানরত এক বোর্ডার মিজানুর রহমান জাকির হোটেল ম্যানেজার আব্দুর রাজ্জাক হাওলাদারের সহায়তায় সজল কর্মকারকে রুম থেকে বের করে দেয়। এরপর ঐ কলেজ ছাত্রীকে হোটেল ম্যানেজারের সহযোগিতায় জাকির একাধিকবার ধর্ষণ করেছে বলে ভুক্তভোগী জানান। এ সময় কলেজ ছাত্রীর চিত্কারে দুই ব্যক্তি ঘটনা টহল পুলিশকে জানায়। পুলিশ নির্যাতনের শিকার ঐ ছাত্রীকে উদ্ধার এবং তিন জনকে গ্রেফতার করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, আসামিদের গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।