ইত্তেফাক ডেস্ক
এক সাংবাদিকের সত্যতা যাচাইয়ের প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন থেকে ওয়াকআউট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেকারদের সহায়তা দিতে তার নির্বাহী আদেশের বিষয়ে শনিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। খবর সিএনএনের
নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এর আগে বয়স্করা তাদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন দাবি করেছেন। দশকের পর দশক ধরে তারা চেষ্টা চালিয়েছেন। কিন্তু এর আগে কোনো প্রেসিডেন্ট তাদের আহ্বানে সাড়া দেননি। এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প ১৫০ বার উল্লেখ করেন। মূলত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৪ সালে বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষার বিলটি পাশ হয়। এর সংস্করণ করে একটি বিল ২০১৮ সালে পাশ করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বিলটি নিজের বলে দাবি করছিলেন। এমন সময় সিবিএসের হোয়াইট হাউজের প্রতিনিধি পলা রিড প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আপনি কেন বারবার বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষার বিলটি পাশের কথা বলছেন? এটা তো ২০১৪ সালে পাশ হয়েছে। এটা মিথ্যা বিবৃতি, স্যার। ট্রাম্প এ সময় অন্য সাংবাদিককে প্রশ্ন করতে বলেন। কিন্তু পলা রিড বারবার একই কথা বলতে থাকেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প সবাইকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে বের হয়ে যান।
প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার বেকারদের ভাতা দিতে একটি বিলে স্বাক্ষর করেন। এর মাধ্যমে সপ্তাহে একজন বেকার ৪০০ ডলার করে পাবেন। আগে এটা ছিল ৬০০ ডলার। ডেমোক্র্যাটরা তিন ট্রিলিয়ন ডলারের বিল পাশের কথা বললেও রিপাবলিকানরা তাতে রাজি হননি। ফলে শুক্রবার দুই পক্ষের মধ্যকার আলোচনা ভেস্তে যায়।