ইত্তেফাক রিপোর্ট
সড়কে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা বা হত্যাকাণ্ড। সম্প্রতি রাজধানীর সংসদ ভবন এলাকায় সাইক্লিং করার সময় শিক্ষক, পর্বতারোহী, সাইক্লিস্ট ও দৌড়বিদ রেশমা নাহার রত্নাকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। অবিলম্বে দুর্ঘটনার নামে এধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। রেশমা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাইকেলের জন্য আলাদা লেন রাখতে হবে।
গতকাল রবিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে বক্তারা এ দাবি জানান। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রিনফোর্স, ডব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ হকার্স ফেডারেশন, ঢাকা সাইক্লিং ক্লাব, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ফেডারেশন, নোঙরসহ সমমনা সংগঠনগুলোর যৌথ আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম, ঢাবির শিক্ষক ও গবেষক কাজী সামিও শীষ, পর্বতারোহী নিশাত মজুমদার, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, বাংলাদেশ মাউন্টেনিং ফেডারেশনের সাধারণ সম্পাদক অপার আহমেদ, জাতীয় ক্রীড়াবিদ সুলতানা মৌসুমী প্রমুখ।