স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক বেলাল হোসেনকে বদলি

বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য খাতে চলমান শুদ্ধি অভিযানের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেনকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। একই সঙ্গে এই পদে নতুন নিয়োগ পেয়েছেন ডা. হাসান ইমাম।

করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক, পিপিইসহ সুরক্ষাসামগ্রী ও যন্ত্রপাতি ক্রয়ে সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদপ্তরের একশ্রেণির কর্মকর্তাদের বিরুদ্ধে। লাইসেন্সের মেয়াদ না থাকা সত্ত্বেও রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করায় সমালোচনার সৃষ্ট হয়। গত ২৩ জুলাই অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের নিয়োগের অবসান ঘটিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে গত ২১ জুলাই জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকসহ দুই জনকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।