ইত্তেফাক রিপোর্ট
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ লেবাননের উদ্দেশে রওনা দিয়েছে। পূর্বপরিকল্পনা ও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল রবিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মাহ্বুব-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নৌবাবিহনী সূত্র জানায়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে সর্বমোট ১৫ জন কর্মকর্তা ও ৯৫ জন নাবিক শান্তিরক্ষা মিশনে যোগ দেবেন। সূত্র আরো জানায়, জাতিসংঘের আওতায় মালটিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের অধীনে ভূমধ্যসাগরে বর্তমানে বানৌজা বিজয় দায়িত্বরত রয়েছে। ঐ জাহাজ দীর্ঘ দুই বছর আট মাস সফলভাবে দায়িত্ব পালন করেছে। যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ লেবাননে পৌঁছালে বানৌজা সংগ্রামকে দায়িত্ব হস্তান্তর করবে। এর আগে গত ১৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে বানৌজা বিজয়কে প্রতিস্থাপনের উদ্দেশ্যে বানৌজা সংগ্রামকে কমিশনিং করেন।