কোভিড-১৯ নমুনা পরীক্ষার বুথ ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে :ব্র্যাক

ইত্তেফাক রিপোর্ট

সারা দেশে ব্র্যাক পরিচালিত কোভিড-১৯ নমুনা পরীক্ষার বুথ ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। গতকাল ব্র্যাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট কিছু পত্রিকায় খবর এসেছে, রাজধানীতে কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য ব্র্যাকের স্থাপন করা ৩৮টি বুথ বন্ধ হয়ে যাচ্ছে। খবরটি ছাপা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে লেখা ব্র্যাকের একটি চিঠির ভিত্তিতে। যেখানে ব্র্যাক জানিয়েছিল ৩১ আগস্টের পর এ বুথগুলো চালু রাখা তাদের পক্ষে সম্ভব হবে না।

গত ছয় মাস ধরে ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে সারা দেশে ৯৭টি বুথ পরিচালনা করা আসছে ব্র্যাক। এ বুথগুলো ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। কিন্তু এ খাতে তহবিল সংকটের কারণে রাজধানীর ৪০টি বুথ ৩১ আগস্টের পর থেকে আর চালানো সম্ভব হবে না বলে ঈদের আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানিয়েছিল ব্র্যাক।

একই সময়ে ব্র্যাক তার দাতা সংস্থা এবং অংশীজনদের সঙ্গে এই ব্যাপারে তহবিল সংগ্রহের জন্য যোগাযোগ করে যাচ্ছিল। অতিসম্প্রতি ব্র্যাক গ্লোবাল ফান্ডের কাছ থেকে একটি তহবিল পেয়েছে, যা সংস্থাটিকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বুথগুলো চালিয়ে যেতে সহায়তা করবে। পরিবর্তিত পরিস্থিতিতে সর্বশেষ এ বিবরণ আরেকটি চিঠি মারফত স্বাস্থ্য অধিদপ্তরকে জানানোর সিদ্ধান্ত নেয় ব্র্যাক, যা সোমবার পাঠানোর কথা ছিল। কিন্তু এ চিঠি পাঠানোর আগেই সংবাদটি প্রকাশ হয়েছে।

ব্র্যাক এই মর্মে সবাইকে আশ্বস্ত করছে যে, দেশবাসীর সংকটকালে সরকার ও জনগণের পাশে থেকে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করতে সংস্থাটি প্রতিজ্ঞাবদ্ধ। এই মহামারিতেও ব্র্যাক তার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে এবং দাতা ও অংশীজনদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে যাবে।