যুক্তরাষ্ট্রে শনাক্ত ৫০ লাখ ও ব্রাজিলে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে

সেপ্টেম্বরে অবশ্যই স্কুল খুলবে :বরিস

ইত্তেফাক ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৫০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর ব্রাজিলে মারা গেছেন এক লাখের বেশি কোভিড-১৯ রোগী। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা এক কোটি ৯৫ লাখের বেশি এবং মৃতের সংখ্যা ৭ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৫০ লাখের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। মারা গেছেন ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। এটা বিশ্বে রেকর্ড। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি ৬৬ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বে মৃত্যুর এক চতুর্থাংশই মারা গেছেন যুক্তরাষ্ট্রে। অনেকে মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ভাইরাস মোকাবিলায় ব্যর্থ হয়েছেন। তারা ট্রাম্পকে আর ক্ষমতায় দেখতে চান না।

ব্রাজিলে গত পাঁচ মাসে করোনা ভাইরাসে এক লাখের বেশি মানুষের প্রাণ গেছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯০৫ জন। তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী মাসে অবশ্যই স্কুল খুলবে। সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে এক গবেষণায় বলা হয়, আগামী শীতে ব্রিটেনের করোনা ভাইরাসের প্রকোপ আরো বাড়তে পারে।