দফায় দফায় বন্যায় সিলেট অঞ্চলে কৃষির ব্যাপক ক্ষতি

এবার সিলেট অঞ্চলে গত জুন মাস থেকে কয়েক দফা বন্যায় কৃষির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে আউশ, আমন ও শাকসবজির অন্তত ৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। বিশেষ করে এবার সিলেট ও সুনামগঞ্জের ১৬টি উপজেলার এই তিন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঈদের পর থেকে কড়া রোদে নদ-নদীর পানি কিছুটা কমলেও ক্ষতিগ্রস্ত কৃষকরা আবার আমনের বীজতলা তৈরিতে মাঠে নামতে সাহস পাচ্ছেন না। তাদের ভয় যদি আবার ঢল নামে। 

সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ বিভাগের এডি শ্রীনিবাস দেবনাথ বলেন, আসাম-মেঘালয়ে বৃষ্টি হলেই সিলেটের নদ-নদী ভরে বন্যা দেখা দেয়। আগে পাহাড়ে বৃষ্টি হলে ঢল নামতো দেরিতে। এখন বন-বাদাড় উজাড়। নদী, খাল-বিল ভরাট। বৃষ্টি নামলেই জনপদ ডুবিয়ে কৃষি ক্ষেত ভাসিয়ে নেয়। সম্ভাবনাময় সিলেটের কৃষির উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে, বলেন এই কর্মকর্তা। 

এদিকে সর্বশেষ ঈদুল আজহার আগে আরেক দফা পাহাড়ি ঢলে আমনের বীজতলা ডুবিয়ে দিলে পুনরায় বীজতলা সাজাতে দ্বিধা-দ্বন্দ্বে কৃষকরা। কয়েকজন আমন চাষি জানান, আমনের বীজতলা তৈরিতে তাদের ভয়। তিন বার ডুবে গেছে বীজতলা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মজুমদার মো. ইলিয়াস বলেন, গত এক মাসে এ অঞ্চলে কয়েক দফা বন্যা হয়েছে। বন্যার পানি এই বাড়ে, এই কমে। কৃষির ব্যাপক ক্ষতির আশঙ্কা করে তিনি বলেন, বন্যার পর দেখা যাবে ক্ষয়-ক্ষতি ৫০ কোটি টাকা না আরো বেশি।