জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা শহরের হাটবাজারগুলোতে হঠাত্ করেই সবজির দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ব্যবসায়ীদের কারসাজি এই মূল্য বৃদ্ধির কারণ বলছে, কৃষি বিভাগ। তবে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে সবজি আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।
জেলার নতুনহাট, মাছুয়া বাজার ও পূর্ব বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় ডবল হয়েছে সবজির দাম। বর্তমান বাজারে ৪০ টাকার করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি, ৪০ টাকার বেগুন ৮০ টাকা কেজি, ১০০ টাকার কাঁচা মরিচ ১৬০ টাকা, ৩৫ টাকার পটল ৫০ টাকা, বই কচু ৪০ টাকা, টম্যাটো ৬০ টাকা কেজি, আলু ৩৫ টাকা, ওল ৬০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, বরবটি ৬০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। জেলা কৃষি বিভাগের উপপরিচালক শ ম মেসবাহুল বারী বলেন, এখন মূল্য বৃদ্ধির তেমন কোন কারণ নেই।