খুলনায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

খুলনা অফিস

খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর লবণচরা থানা সংলগ্ন খানজাহান আলী (রূপসা সেতু) বাইপাস সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় যুবকের হাত ও পা রশি দিয়ে এবং মুখ লাল রংয়ের একটি গামছা দিয়ে বাঁধা ছিল। শ্বাসরোধ করে হত্যার পর গাড়ি থেকে লাশটি সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার বলেন, নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ফুল প্যান্ট থাকলেও গায়ে কিছু ছিল না। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় উদ্ঘাটন ও হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।