মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের ১০ বছরের শিশু ফয়সাল হত্যা মামলা পুনঃতদন্তের জন্য রবিবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। উচ্চ আদালতের নির্দেশে হত্যাকাণ্ডের ৯ বছর পর এ মামলাটি তদন্ত করছে সিআইডি। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম হত্যা মামলা তদন্তে ডুমাইনে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কয়েক জনের সঙ্গে কথা বলেছি। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত জানানো যাচ্ছে না।
উল্লেখ, গত ২০১১ সালের ১৫ এপ্রিল নিখোঁজ হয় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শেখের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র ফয়সাল। এরপর ১৫ মে স্থানীয় পরিবার কল্যাণ কেন্দ্রের সেফটি ট্যাংকে পাওয়া যায় ফয়সালের লাশ।