মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক সাময়িক বন্ধ করে দিয়েছেন পটুয়াখালী জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম। সোমবার এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, সরকারি শর্তানুযায়ী লাইসেন্স নবায়ন, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ভ্যাট, পরিবেশের সনদ, চিকিত্সক, সেবিকা, ফায়ার লাইসেন্স ইত্যাদি বৈধ কাগজপত্র না থাকায় রবিবার এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে উপজেলা সদর সুবিদখালীতে অবস্থিত ইউনাইটেড ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল ল্যাব, নিউ লাইফ এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি, ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং শাহজাহান জেনারেল হাসপাতাল। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম জানান, গত ৩০ জুলাই সরেজমিনে এগুলো পরিদর্শন করা হয়। বিভিন্ন ত্রুটি থাকার জন্য এসব ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের সব কার্যক্রম সাময়িক বন্ধ করে দেওয়া হয়।