জয়পুরহাট প্রতিনিধি
জেলার ক্ষেতলাল উপজেলার চৌমুহনী গ্রামে সোমবার পানিতে ডুবে রুবাইয়া আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের রবিউল ইসলামের মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল ৭টা থেকে রুবাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর ৮টার দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্ষেতলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শিশুকে মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কালীগঞ্জে দুই জনের মৃত্যু
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, বিলের পানিতে ডুবে মারিয়া আক্তার (৮) নামে এক শিশু ও ওয়ালিউল্লাহ (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের জাঙ্গাল বিলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ঐদিন রাতেই থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যু ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক।