ধামরাইয়ে ভেসে গেছে মাছ, বিপাকে চাষি

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

বানের পানিতে খাল-বিল, পুকুর-জলাশয় তলিয়ে যাওয়ায় ধামরাইয়ে চাষ করা মাছ ভেসে গেছে। এতে উপজেলা জুড়ে মাছ চাষে বিপর্যয় নেমে এসেছে। লোকসানের কথা ভেবে মাছচাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। জলাশয়, বিল ও পুকুরগুলোতে অনেকে ব্যক্তিগতভাবে আবার অনেকেই সংঘবদ্ধ হয়ে মাছ চাষ করছিলেন। উপজেলা বাস্তা-নয়াচর গ্রামের মাছচাষি উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মো. আবদুল কুদ্দুস তিনটি পুকুর দেখিয়ে বলেন, তার তিনটি পুকুরের ১০ থেকে ১২ লাখ টাকার মাছ বেরিয়ে যাওয়ায়  তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

বাস্তা মত্স্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুবেল হোসেন জানান, মাছ চাষের জন্য ৫২ লাখ টাকা দিয়ে পত্তন নেওয়া বাস্তা বিল বানের পানিতে তলিয়ে যাওয়ায় এই সমিতিকে সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার লোকসানের বোঝা বইতে হবে।  উপজেলা জুড়ে আরো অনেক বিল, জলাশয় ও পুকুরের এমনি অবস্থা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সভাপতি আহাম্মদ হোসেন জানান, বন্যার পানি তার এলাকার মাছচাষিদের বিপাকে ফেলেছে। উপজেলা মত্স্য কর্মকর্তা নাজনীন নাহার সাম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তাত্ক্ষণিক তথ্য দিতে না পারলেও পরে জানানো হবে বলে জানিয়েছেন। তবে অন্য একটি সূত্রে জানা যায়, সারা উপজেলায় ১২ শতাধিক মত্স্যচাষি রয়েছে।