আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস করোনায় আক্রান্ত। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিত্সা নিচ্ছেন। মুকুল বোসের ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুই জনই সুস্থ আছেন।

এক-এগারোর পর মুকুল বোস সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পান। সেই সময় তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এক-এগারো পরবর্তী কেন্দ্রীয় কমিটিতে মুকুল বোস পদ হারান।

২০১২ সালে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনের পর গঠিত কেন্দ্রীয় কমিটিতেও তার স্থান হয়নি। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর দলের ২০তম জাতীয় সম্মেলনের প্রায় আড়াই মাস পর তাকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে দলের ২১ তম সম্মেলনে তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।