ডিজিটাল লেনদেনের সুযোগ কাজে লাগাতে নিরাপত্তার তাগিদ

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতি ডিজিটাল লেনদেন অনেক বাড়িয়েছে। আগামীতে আরো বাড়বে। এ প্রক্রিয়ায় গ্রাহককে লেনদেনে আকৃষ্ট করতে সচেতন করার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সোমবার ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের যৌথ প্ল্যাটফরম রিসারজেন্ট বাংলাদেশ আয়োজিত এক সংলাপে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ‘আর্থিক সেবায় ডিজিটাল উদ্ভাবন : করোনা পরবর্তী সাফল্যের উপায়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজ। এছাড়া এতে ব্যবসায় নেতৃবৃন্দের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেলয়েট ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল সার্ভিক ইন্ডাস্ট্রি লিডার সঞ্জয় দত্ত।