বিক্ষোভের মুখে পদত্যাগ করছে লেবানন সরকার

বিক্ষোভ এবং মন্ত্রীদের একের পর এক পদত্যাগে লেবাননের পুরো সরকারই পদত্যাগ করতে যাচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণে পদত্যাগ করার কথা। গতকাল বিচারমন্ত্রীর পদত্যাগের পর চাপে পড়ে সরকার। এছাড়া অর্থমন্ত্রীও পদত্যাগ করেছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। এদিকে গতকাল পর্যন্ত বৈরুতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। খবর আলজাজিরার

বিস্ফোরণের পর বিক্ষোভের আগুনে পুড়ছে লেবানন। প্রেসিডেন্ট প্রাসাদের বাইরেও বিক্ষোভ হয়েছে তার পদত্যাগের দাবিতে। দেশটির অন্তত চার মন্ত্রী পদত্যাগ করেছেন। আরো তিন জন পদত্যাগের হুমকি দিয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভের সঙ্গে মন্ত্রীদের পদত্যাগে চাপে পড়ে সরকার। রবিবার দ্বিতীয় দিনের মতো লেবাননে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। বিক্ষোভ দমনে পুলিশ ও সেনাবাহিনী ব্যাপক অভিযান চালায়। সেনা সদস্যকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করতে দেখা যায়। এমনকি পার্লামেন্টের স্পিকারের দেহরক্ষীও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

গতকাল বিচারমন্ত্রী ম্যারি ক্লদ ন্যাজম পদত্যাগ করেন। স্থানীয় মিডিয়া জানিয়েছে, অর্থমন্ত্রী ঘাজি ওয়াজনিও পদত্যাগ করেছেন। তিনি অর্থনৈতিক সংকট নিরসনে আইএমএফের সঙ্গে সমঝোতা করছিলেন। এভাবে পদত্যাগ করায় চাপে পড়ে সরকার। সোমবারই মন্ত্রিপরিষদের বৈঠক হয় এবং সেখানে সরকারের পদত্যাগের বিষয়টি আলোচনা হয় বলে জানা গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা। এর আগে রবিবার তথ্যমন্ত্রী ও পরিবেশমন্ত্রী পদত্যাগ করেন।