ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মিনি ট্রাক, মাহিন্দ্র ও অটোর সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আরো চার জন নিহত হয়েছেন। এদিকে কালীগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে প্রায় ৩০ জন আহত হয়েছেন। রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুত্ অফিসের সামনে রবিবার মিনি ট্রাক, মাহিন্দ্র ও অটোর সংঘর্ষে তিন জন নিহত ও আট জন আহত হয়েছেন। নিহতরা হলেন, নিলক্ষীয়া ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মাছ ব্যবসায়ী জলিল মিয়া (৫৫), গৌরীপুর পৌরশহরের বাসিন্দা ও মুকুল নিকেতন স্কুলের এমএলএসএস ইদ্রিস আলী (৫০) ও বালুয়াপাড়া মহল্লার বাসিন্দা ও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জিনাত রেহেনা (৫২)।
তালা (সাতক্ষীরা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে সার্ভিসিংয়ে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। রবিবার তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের কে এম রোকনুজ্জান লিটু মোল্যা (৪৫) ও অত্র হাসপাতালের অফিস সহকারি মো. শাকিব হোসেন (৩৭)।
মহেশপুর (ঝিনাইদহ): মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে জীবননগর থানার হাসাদাহ গ্রামের বাসিন্দা মোলি মণ্ডল (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল কালিগঞ্জ-জীবননগর সড়কের মেসার্স লিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী (দিনাজপুর): চিরিরবন্দরে ট্রাকের চাপায় মতিয়ার রহমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী বাজারের ফকিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মতিয়ার সৈয়দপুর উপজেলার কোন্দল বাজার এলাকার পশ্চিম পাড়ার মোস্তাকিম হোসেনের ছেলে।
কালীগঞ্জ (গাজীপুর): যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাস খাদে পড়ে প্রায় ৩০ জন আহত হয়েছেন। রবিবার কালীগঞ্জ-টঙ্গী সড়কের নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, রংপুর: নগরীতে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। রংপুর নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে এ দুর্ঘটনা ঘটে।