বিশ্বনাথে গণফোরামের এমপি মোকাব্বির খানের গাড়ি ভাঙচুর

সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিলেট-২ আসনের গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি পংকি খান ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, সকাল ১১টায় এমপি মোকাব্বির উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে বিশ্বনাথ পৌর শহরে যান। সভায় যোগ দেওয়ার আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে পৌঁছামাত্র উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক শামীম আহমদসহ বেশ কয়েকজন নেতাকর্মী তার গাড়িতে হামলা চালান। এ ব্যাপারে অভিযুক্ত সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমার ওপর আনিত অভিযোগ বানোয়াট। এমপি সাহেব জনবিচ্ছিন্ন হয়েছেন, সাধারণ জনগণ তার গাড়ি ভাঙচুর করেছে শুনে আমরা তাকে নিরাপদে নিয়ে এসেছি।’ বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমপি মোকাব্বির খান বলেন, আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা  আমার গাড়ি ভাঙচুর করে। আমি চিনতে পেরেছি, তারা আওয়ামী লীগের নেতাকর্মী।

এদিকে মোকাব্বির খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, পুলিশ প্রটোকলে থাকাবস্থায় কথিত সন্ত্রাসী ও দুর্বৃত্তরা যেভাবে হামলা করেছে তার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চায় দেশবাসী। ড. রেজা কিবরিয়া এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ফোনে কথা বলেন। মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে তাকে আশ্বাস দিয়েছেন।