বরগুনায় রিফাত হত্যা

বরগুনায় রিফাত হত্যা মামলার বিচারকাজ ফের শুরু

করোনার কারণে বন্ধ থাকার পাঁচ মাস পর ফের শুরু হয়েছে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম। সোমবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এ সময় জামিনে থাকা মিন্নিসহ ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার বলেন, সোমবার ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষার জন্য দিন ধার্য ছিল। আদালত আসামিদেরকে ৭৬ জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য পড়ে শোনানো হয়। এছাড়া আসামিদের সাফাই সাক্ষী গ্রহণ ও কোনো কাগজপত্র জমা দেওয়া হবে কি না জানতে চাওয়া হয়। সাত জন আসামির ৩৪২ ধারায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী বুধবার অবশিষ্ট তিন আসামির পরীক্ষা হবে। তারপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করা হবে।

রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দুইটি ভাগে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মোট আট জন জামিনে আছেন।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ । ঐ দিন বিকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।