পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে

দেশে এক দিনের ব্যবধানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯০৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবারের চেয়ে গতকাল ৪২০ জন বেশি শনাক্ত হয়েছেন। রবিবার ১০ হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৪৮৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন। রবিবারের চেয়ে গতকাল পাঁচ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এদিকে ভাইরাসে আক্রান্ত দেড় লাখেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ১৪ জুলাই করোনা শনাক্তের ১২৯তম দিনে এই ভাইরাস থেকে ১ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছিল। তখন দেশে মোট আক্রান্ত ছিল ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৭৩ হাজার ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন। রবিবারের চেয়ে গতকাল ৩০১ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৬০ শতাংশ।