স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খুলছে খেলাধুলার দুয়ার

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা শুরু করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল। ১০টি শর্তে সীমিত আকারে খেলাধুলা আয়োজন এবং প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে মতামত পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে খেলা শুরু করা যাবে। সেই সঙ্গে ফেডারেশনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলতে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে। খুব কঠোর বিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় গত মার্চে দেশের খেলাধুলা বন্ধ ঘোষণা করে ক্রীড়া মন্ত্রণালয়। পুনরায় খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করার বিষয়ে গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ে জরুরি সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণ কমে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা শুরু করেছে। তিনি বলেন, ‘আমাদের দেশেও করোনা সংক্রমণের হার নিম্নমুখী। এই অবস্থায় স্বাস্থ্য অধিদফতরের শর্ত মেনে দেশের সব পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

নির্দেশনা পেয়ে আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, তারা দ্রুতই চিঠি পাঠাবেন আরচারদের। শুক্রবার ঢাকায় আসবেন, ক্যাম্পে অবস্থান করার পর আরচারদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে মাঠে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করতে সব ব্যবস্থা থাকতে হবে। সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ কাজের পরিকল্পনা থাকতে হবে। কোচ-খেলোয়াড়, কর্মকর্তাদের প্রয়োজন হলে করোনা টেস্ট করাতে হবে। মাঠে সচেতনতামূলক প্রচার ব্যবস্থা রাখতে হবে। শর্তের সবকিছুই সংক্রমণ প্রতিরোধ ঘিরে নির্ধারণ করা হয়েছে।