স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার টেস্টের প্রভাবে ওলট-পালট হলো টেস্টের র্যাংকিংয়ে। পাকিস্তানের ওপেনার শান মাসুদ উঠে এসেছেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ক্যারিয়ারের সেরা স্থানে। উন্নতি হয়েছে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখা জশ বাটলার ও ক্রিস ওকসের।
ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ১৫৬ রানের ইনিংস খেলেন মাসুদ। তাতে র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে মাসুদের ওপরে আছেন শুধু বাবর আজম। তিনি আছেন ষষ্ঠ স্থানে।
ইংল্যান্ডের ৩ উইকেটে জেতা ম্যাচে দুই ইনিংসে ১৯ ও ৮৪ রান করা ওকস ব্যাটসম্যানদের তালিকায় ১৮ ধাপ এগিয়ে আছেন ৭৮তম স্থানে। ম্যাচে চার উইকেট নিয়েছেন এই পেসার। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।
প্রথম ইনিংসে ৩৮ ও দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান বাটলার ৪৪ থেকে ৩০তম স্থানে উঠে এসেছেন। প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করা ওলি পোপ উঠেছেন ক্যারিয়ার সেরা ৩৬তম স্থানে।
৮ উইকেট নিয়ে পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ইয়াসির শাহ। এই লেগ স্পিনার দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের র্যাংকিংয়ের ২২তম অবস্থানে। ইংলিশ বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড আগের মতো তিন নম্বরেই আছেন। আর চার উইকেট পেয়ে জোফরা আর্চার দুই ধাপ এগিয়ে উঠেছেন ৩৭তম অবস্থানে।