আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে তপশিল

চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে, ২৩ অথবা ২৪ আগস্ট ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। গতকাল সোমবার সন্ধ্যায় কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ এবং শামসুর রহমান শরীফের মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়েছিল। তবে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইস াফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন ও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে গতকাল সোমবার বিকাল ৩টায় কমিশন সভা শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যায়। বৈঠকে আইন সংস্কারের খসড়া প্রস্তাব উত্থাপন করা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় সরকারের পদপদবি

বাংলায় রূপান্তরের প্রস্তাব

ইসি সচিব মো. আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার আইন বাংলায় করতে খসড়া তৈরি করা হয়েছে। বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হয়েছিল। আগামী ২৩ ও ২৪ আগস্ট পুনরায় কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে। সেখানে কমিশনের মতামতের ভিত্তিতে এটি পস্তুত করে কমিশনের ওয়েবসাইটসহ বিভিন্ন মহলে মতামতের জন্য পাঠানো হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নাম বাংলায় রূপান্তর করে বিদ্যমান আইন সংস্কার করতে এই খসড়া করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের পদের নামও বাংলা করার প্রস্তাব করা হয়েছে।

ইসি সচিব আরো জানান, চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনের তপশিলও আগস্টের তৃতীয় সপ্তাহে একই সঙ্গে ঘোষণা করা হবে। বিএনপির মনোনীত প্রার্থী মারা যাওয়ায় এই নির্বাচন বাতিল করা হয়েছিল।

রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়ে কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন অনুমোদন দিলে জানানো হবে।

ফেব্রুয়ারিতে চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি বলেন, করোনা ভাইরাসের কারণে নির্বাচন আমরা স্থগিত করেছিলাম। গত ৫ আগস্ট সরকার সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রশাসকের মেয়াদ হচ্ছে ১৮০ দিন। ১৮০ দিন পূর্ণ হওয়ার আগে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করে ফেলব। ১৮০ দিন পূর্ণ হবে ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।