বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কথায় নির্বাচন কমিশন স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের নাম ও পদের নাম পালটাচ্ছে। নির্বাচন কমিশনের এখন কোনো কাজ নাই। নির্বাচনকে এই আওয়ামী লীগ গোরস্থানে পাঠিয়েছে, দিনের ভোট রাতে করছে। এখন প্রধান নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদকে পল্লী পরিষদ করবেন, উপজেলা চেয়ারম্যানকে উপজেলা পিতা করবেন, সিটি মেয়রকে মহানগর পিতা করবেন। উনি এ দেশের দীর্ঘদিনের ঐতিহ্য যে প্রতিষ্ঠান, যে পদ্ধতিগুলো, সেটা পরিবর্তন করছেন সরকারের নির্দেশে। অন্য কোনো রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন না। কারোর কথা পাত্তা দিচ্ছেন না।
সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত কয়েক দিন উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশে আমরা একটা মরণযজ্ঞের মধ্যে আছি।
ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সাবেক ছাত্র নেতা খায়রুল কবির খোকন, এ বি এম মোশাররফ হোসেন, সহিদুল ইসলাম বাবুল, আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।