চট্টগ্রামের পাঁচটি সংবাদপত্র খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে প্রকাশনা বন্ধ থাকা পাঁচটি দৈনিক সংবাদপত্র খুলে দেওয়ার দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সংবাদপত্র কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ পৃথকভাবে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

চট্টগ্রাম সংবাদপত্র কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পত্রিকার প্রকাশনা চালু করার জন্য মালিক পক্ষের কাছে আহ্বান জানান। নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) এর সাধারণ সম্পাদক আলমগীর হায়দারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নিউজর সভাপতি নুরুল হুদা, সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, দৈনিক যুগান্তরের আবদুস শুক্কুর, দৈনিক আজাদীর সিনিয়র কমার্শিয়াল অফিসার জসীম উদ্দীন, দৈনিক ইনকিলাবের আনোয়ার শাদাত মুরাদ, দৈনিক ইত্তেফাকের সাফাউল হক রিয়াজ, দৈনিক পূর্বকোণের তাপস কুমার নন্দী, দৈনিক পূর্বদেশের জাহাঙ্গীর আলম প্রমুখ। নেতৃবৃন্দ ঐক্য পরিষদ আয়োজিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ), সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশন, দৈনিক আজাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, দৈনিক পূর্বকোণ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, দৈনিক পূর্বদেশ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, দৈনিক কর্ণফুলী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

অন্যদিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধন থেকেও সংবাদপত্রসমূহ খুলে দেওয়ার আহ্বান জানানো হয়।