সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেগমপুর-জগন্নাথপুর সড়ক। সংস্কারের অভাবে এলজিইডির আওতাধীন সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্তের কারণে এটি এখন মরণ ফাঁদ। শুকনো মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়কের একাধিক স্থান সম্পূর্ণ ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থীরাসহ জনসাধারণ।ওসমানীনগরের বিবিয়ানা প্রোপার্টিজের চেয়ারম্যান স্থানীয় বাসিন্দা এসএম মাসুদ আহমদ জানান, ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের রহমতপুর, নুরপুর, লামা গাভুরটিকি, বেড়ারাই, চাতলপার, উত্তর কালানিচর, দক্ষিণ কালনিচরসহ জগন্নাথপুর উপজেলার প্রায় ২০ গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম সড়কটি। বর্তমানে এর অবস্থা এমন হয়েছে যে রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। সড়কের একাধিক স্থানে সৃষ্ট গর্তগুলো ডোবায় পরিণত হয়েছে। গর্তগুলোকে প্রবাসীসহ স্থানীয়দের সহযোগিতায় একাধিকবার সংস্কার করা হলেও কয়েক দিনের মধ্যে আবারও আগের আকার ধারণ করেছে।
এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা এলজিইডির প্রকৌশলী নাজমুল করিম বলেন, এ উপজেলায় নতুন যোগদান করেছি। বেগমপুর-জগন্নাথপুর সড়কটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।