ঝিনাইদহে চলছে চার চাকার অনুমোদনহীন ইজিবাইক

এবার ঝিনাইদহের সড়ক-মহাসড়কে চার চাকার স্টিয়ারিংযুক্ত ইজিবাইক চলতে দেখা যাচ্ছে। তবে নতুন এ যানের নেই কোনো অনুমোদন। এমনিতেই সড়কগুলোতে অতিরিক্ত ইজিবাইকের জন্য চলাচলের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্য দিকে এ ইজিবাইকের ফলে ভোগান্তি মারাত্মক আকারে পৌঁছাবে বলে স্থানীয়দের অভিযোগ। বর্তমানে ঝিনাইদহ জেলায় কমপক্ষে ১০ হাজার ইজিবাইক চলাচল করছে। হাইওয়েতে এ যানের চলাচল নিষিদ্ধ থাকলেও নির্দ্বিধায় চলছে যানগুলো। ফলে দুর্ঘটনা বাড়ছে।  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, চার চাকার ইজিবাইক তার নজরে পড়েনি। পুলিশ হাইওয়েতে ইজিবাইক চলাচল বন্ধে অভিযান চালিয়ে থাকে। হাইওয়ে থেকে ইজিবাইক আটক করা হয়।