ট্রলার ডুবে ১৮ জনের মৃত্যু

মদনের হাওরে নজরদারি বাড়ানোর দাবি

মদনের হাওরে ঘুরতে এসে ট্রলার দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানির ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে প্রশাসনের নজরদাড়ি বাড়ানোর দাবিতে মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। মদন উপজেলার ট্রলারঘাট এলাকায় নেত্রকোনার শিক্ষা-সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটি এবং মদন প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে হাওরে নৌকা ডুবে নিহত ১৮ জনের স্মরণে প্রথমেই এক মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নেত্রকোনা শিক্ষা-সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি মো. নাজমুল কবির সরকার। এ সময় বক্তব্য রাখেন মদন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম চৌধুরী, আয়োজক কমিটির সদস্য সচিব আলপনা বেগম প্রমুখ।  উল্লেখ্য, গত ৫ আগস্ট মদনের উচিতপুরে ইঞ্জিন চালিত ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে হাওরে ঘুরতে গিয়ে নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু হয়।