পানির মূল্য বৃদ্ধি কেন

অতি সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ঢাকা ওয়াসা বাজেটকে পাশ কাটিয়ে পানির দাম বাড়িয়েছেন। এতে প্রতিটি পরিবারের জন্য পানির খরচ ২০০ থেকে ৫০০ টাকার পাশাপাশি বেড়ে যাবে পয়ঃনিষ্কাশন খরচও। জায়গায় জায়গায় রাস্তা ফেটে পানির অপচয়, ওয়াসার পাম্পগুলোতে যত্রতত্র পানি নষ্ট, পানি অবৈধভাবে বিক্রি, অনেক ডিপটিউবওয়েল আছে যেখান থেকে কন্ট্রাক পদ্ধতিতে ঢাকা ওয়াসার একশ্রেণির কর্মচারী টাকা-পয়সা বাগিয়ে থাকেন। বিদ্যুতের স্বল্পতার জন্য মূলত পানির উত্পাদন কম। বিদ্যুত্ না থাকলে পানিও পাওয়া যায় না। গরমকালে তো পানির হাহাকার লেগেই থাকে। পুরনো ঢাকায় অনেক শিল্প কল-কারখানায় ডিপটিউবওয়েলে পানি তোলা হয়ে থাকে, যা অবৈধ। রাজধানীতে বিশুদ্ধ পানি সংকট গুরুতর একটি সমস্যা। প্রসারমান নগরায়ন ও মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানি শোষণ পরিস্থিতিকে আরো খারাপ করেছে। ওয়াসার পানির গুণগত মান নিয়ে প্রশ্ন নতুন নয়। ওয়াসার পানি অপচয় ও চুরি রোধ না করে পানির দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা থাকতে পারে না।  ঢাকা ওয়াসাতে শুদ্ধি অভিযান চালানো দরকার। পানির দাম না বাড়িয়ে সিস্টেম লস বন্ধ করা উচিত। সবশেষে, পানির মূল্য না বাড়ানোর জন্য ঢাকা ওয়াসার এমডি  সমীপে বিনীত আবেদন জানাই।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪