গাজীপুর জেলার পুবাইল থানা এলাকার বিভিন্ন স্থানে রাস্তা, বাড়িঘর, প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে আছে। টঙ্গী-কালিগঞ্জ মহাসড়ক থেকে হায়দরাবাদ প্রবেশের প্রধান পাকা রাস্তা গত ১৫ দিন ধরে ৩/৪ ফুট পানির নিচে। নন্দীবাড়ী-বাদুরতলা, করমতলা-পদহারবাইদ, বাদুরতলা-বিন্ধান স্কুল, লক্ষ্মীন্দা-ইছালি, মারুকা-টঙ্গী মুরকুন সংযোগ সড়ক ও নিচু এলাকার রাস্তা ৪/৫ ফুট পানির নিচে ডুবে আছে। গাড়ি ও মানুষ চলাচলে দুর্ভোগের শেষ নাই। পানিবন্দি মানুষ। তুরাগ, বালু চিলাই নদীর পানি কমতে শুরু করেছে। এসব নদীর শাখা, খাল-বিল, নালা-ডোবায় পানি প্রবেশে যে সময় লেগেছিল, কমতে তার চেয়ে দ্বিগুণ সময় লাগবে। দুর্ভোগ থাকবে আরো ২০/২৫ দিন। বন্যার পানিতে বিভিন্ন স্থানে কোরবানির পশুর বর্জ্য ফেলা হয়েছে। পানিবাহিত রোগবালাই দেখা দিয়েছে। গবাদি পশু ও হাস-মুরগি আক্রান্ত হয়ে মরতে শুরু করেছে। স্থানীয় পশু হাসপাতাল ও চিকিত্সকদের সেবা এখনই জোরদার হওয়া চাই।
জিয়াউল হক সরকার
পূবাইল, গাজীপুর