মানিকগঞ্জে পোনামাছ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে কারাদণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলা বেউথা ও নয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ পোনামাছ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন— নবগ্রাম এলাকার কৃষ্ণ রাজবংশী ও আশিস রাজবংশী। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বন্যায় এলাকার শত শত পুকুরের মাছ ভেসে গেছে। এর মধ্যে ধরা এবং বিক্রয় নিষিদ্ধ মাছের পোনা কিছু ব্যবসায়ী বিক্রি করে আসছে। এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি।  জব্দকৃত ১৪৫ কেজি রুই, কাতল ও মৃগেলের পোনা মানিকগঞ্জ সরকারি শিশু পরিবার ও সেওতা কবরস্থান মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।