প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করেছে ভুটান। গতকাল মঙ্গলবার দেশটিতে নতুন করে এক বাসিন্দার দেহে করোনা পজিটিভ ধরা পড়ার পরই দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়। খবর এনডিটিভির
সম্প্রতি ঐ নারী অন্য দেশ থেকে ভুটানে ফিরেছেন। তিনি দেশে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়ার পরই তার দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়। গত কয়েক দিনে ঐ নারী রাজধানী থিম্পুতে অনেক মানুষের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে। ২৭ বছর বয়সি ঐ নারী কুয়েত সফর শেষে দেশে ফেরার পরই কোয়ারেন্টাইনে ছিলেন।
কোয়ারেন্টাইন শেষে তার দেহে পরীক্ষানিরীক্ষার পর করোনা নেগেটিভ পাওয়া যায়। কিন্তু সোমবার একটি ক্লিনিকে পুনরায় টেস্ট করার পর তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। নতুন করে ঐ নারী করোনায় আক্রান্ত হওয়ায় হিমালয়ের দেশ ভুটানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১৩ জন। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানেই সংক্রমণ সবচেয়ে কম।